নাশকতার মামলায় রংপুরে বিএনপি প্রার্থী গ্রেপ্তার
নাশকতার মামলায় রংপুরের মিঠাপুকুরে বিএনপির এক চেয়ারম্যান প্রার্থীকে ভোট কেন্দ্র থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হারুন অর রশীদ উপজেলার গোপালপুর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী। তিনি মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য।
শনিবার বেলা ১টার দিকে উপজেলার চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান।
তিনি বলেন, হারুন অর রশীদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মিঠাপুকুর থানায় ১৩টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত ।
“আত্মগোপনে থাকার পর শনিবার দুপুরে চিলাখাল ভোটকেন্দ্রে গেলে সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে শনিবার মিঠাপুকুরের ১০ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে।
