Published : 03 May 2016, 11:54 PM
কুলাউড়া থানার এসআই কানাই চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল ৫টায় সাবস্টেশনের শহর ফিডারে আগুন লেগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
“এ সময় গ্রিড বন্ধ করে ১০ এমবি ট্রান্সফর্মার চালু করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পদক্ষেপ নেন প্রকৌশলীরা। তখন দেখা যায় ১০ এমবি ট্রান্সফর্মার বিদ্যুৎ পাচ্ছে না।”
রাত সাড়ে ৯টার দিকে ম্যানুয়ালি চালু করতে গেলে মেশিনটি আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং স্টেশনের তিনজনসহ মোট পাঁচজন আহত হন বলে এসআই চক্রবর্তী জানান।
পরে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন গিয়ে আহতদের হাসপাতালে পাঠায় এবং প্রায় ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পিডিবির কুলাউড়ার অভিযোগ কেন্দ্রে কর্মরত গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে কুলাউড়ার একটি বড় এলাকা বিদ্যুৎহীন রয়েছে।
সাবস্টেশনে কর্মরত প্রকৌশলীদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।