২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নির্বাচনী সহিংসতায় রংপুরে একজনের মৃত্যু

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 11:49 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

আব্দুল হান্নান (৩০) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান।

নিহত হান্নান বুজরুক মহাদেবপুর গ্রামের আকবর আলীর ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ১১টায় কাফ্রিখাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সাখাওয়াত হোসেন ও ফখরুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

“এতে সাখাওয়াত হোসেনের কর্মী আব্দুল হান্নানসহ চারজন আহত হলে ওই রাতেই হান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।”

এ ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে বুধবার সকালে ফখরুল ইসলামসহ ১৯ জনের নামে থানায় মামলা করেছেন বলে ওসি জানান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার বলেন, “উভয় সদস্য প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।” 

২৩ এপ্রিল মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে কাফ্রিখালসহ ৭টিতে নির্বাচন হবার কথা।