শহীদ মিনার নির্মাণে ‘অনিয়ম’, প্রকল্প কর্মকর্তা গ্রেপ্তার
বাগেরহাটের রামপালে শহীদ মিনার নির্মাণে আর্থিক অনিয়মের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার খুলনা মহানগরের বয়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোহা. মোশাররফ হোসেন।
গ্রেপ্তার রামপালের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্বপন কুমার ব্রহ্মের (৪৫) বাড়ি ফরিদপুর সদর উপজলায়।
দুদক কর্মকর্তা বলেন, ২০১১-১২ অর্থ বছরে রামপাল উপজেলার ৬ নম্বর হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দীঘিরপাড়ে নতুন শহীদ মিনার নির্মাণ প্রকল্প নেওয়া হয়।
“ওই প্রকল্পে হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদারকে সভাপতি করে ও ইউপি সদস্যদের সদস্য রেখে একটি কমিটি গঠন করে ৪ লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
“কাজের তদারকিতে ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা স্বপন।”
তিনি বলেন, ওই কমিটির সদস্যদের যোগসাজশে বরাদ্দের চেয়ে আরও প্রায় ৯০ হাজার টাকা বেশি খরচ করে শহীদ মিনার নির্মাণ করে অসৎ উদ্দেশ্য সাধনে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন।
“পরে দুদক ঘটনা জানতে পেরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) দিয়ে নিরপেক্ষ পরিমাপ করে অনিয়ম চিহ্নিত করার পর ২০১৪ সালের ৭ অগাস্ট উপজেলা বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান আসামিসহ ১২ জনের বিরুদ্ধে রামপাল মামলা করা হয়।”
কমিশনের অনুমতি নিয়ে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা।
