উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, যুবক খুন
ধর্মীয় অনুষ্ঠানে নারীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় হামলাকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাতে গণ্ড গ্রামের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সনাতন চন্দ্র মদক (২৮) ওই গ্রামের হিন্দুপাড়ার সুরেশ মদকের ছেলে।
এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার দুপুরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করেছে।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
গণ্ড গ্রামের বাসিন্দা গণেশচন্দ্র জানান, শুক্রবার ভোররাতে গণ্ড গ্রামের কালিবাড়িতে হিন্দু সম্প্রদায়ের উৎসব হরিবাস শুরু হয়।
“শনিবার রাত ১১টার দিকে হরিবাসরে আসা নারীদের উত্ত্যক্ত করে স্থানীয় কয়েকজন মুসলমান যুবক। ওই সময় রতন নামে এক যুবক প্রতিবাদ করলে তাকে মারধর করে উত্ত্যক্তকারীরা।
“রতনকে তার ভগ্নিপতি সনাতন চন্দ্র মদক উদ্ধার করতে গেলে তাকে ছুরিকাঘাত করে তারা।”
ওসি বলেন, স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সনাতনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে গিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা নিবারণ চন্দ্র দাস বলেন, এর আগেও হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। এবার হরিবাসরে হিন্দু যুবককে খুন করা হলো।
“প্রশাসন হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় উপযুক্ত বিচার না হলে আরও কর্মসূচি দেওয়া হবে।”
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, শনিবার রাতে ঘটনার পরপরই দুই যুবককে আটক করা হয়েছে।
হিন্দুদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
