১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘চাঁদা না পেয়ে’ সাঘাটায় মন্দির ভাংচুর

‘চাঁদার টাকা না পেয়ে’ গাইবান্ধার সাঘাটা উপজেলায় মহানাম যজ্ঞানুষ্ঠানে হামলা ও মন্দির ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:50 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

সোমবারের এই হামলায় অন্তত চারজন আহত হয়েছে।

আহত শোভা রাণী, রঙ্গিনী রাণী, মিনা রানী ও অঞ্জলি রাণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজিজুর রহমান বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

“ওই সময় সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগে পুলিশ স্থানীয় সন্ত্রাসী লাভলু মিয়ার মা লাইলী বেগমকে আটক করা হয়েছে।”

হরিবাসর কমিটির সভাপতি রাধাচরণ দাস বলেন, সাঘাটার পদুমশহর ইউনিয়নের সন্যাসদহ মাঝিপাড়া গ্রামে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে তিন দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের শেষদিন মেলায় বসা দোকানিদের কাছ থেকে এলাকার কতিপয় যুবক চাঁদা দাবি করে।

“এতে হরিবাসর কমিটির সভাপতি রাধা চরণ দাস, সদস্য সুপদ চন্দ্র দাস, সুনিল চন্দ্র দাসসহ মেলা কমিটির লোকজন চাঁদার টাকা তুলতে বাধা দেন।

“এতে উভয়ের পক্ষের মধ্যে তর্কবিতর্ক এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ১০/১২ জনের সংঘবদ্ধ দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মন্দির ঘর ভাংচুর, কালী ও লক্ষ্মী মূর্তি ভেঙে ফেলে।” 

এ ঘটনায় মন্দির ও হরিবাসর কমিটির সভাপতি রাধাচরণ দাস বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন বলে জানায় পুলিশ।

পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।