১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎকেন্দ্রের প্রভাব দেখতে ইউনেস্কোর দল সুন্দরবনে

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের উপর কী প্রভাব পড়বে তা খতিয়ে দেখতে এসেছে ইউনেস্কোর প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 09:31 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

দলটি বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা তিন দিন ধরে পরিদর্শন করবে বলে জানান প্রতিনিধি দলের সাথে আসা বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব মো. মহিউদ্দিন।

উপসচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ সরকার যৌথভাবে বাগেরহাটের রামপাল উপজেলায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর এর পক্ষে-বিপক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রচার হয়।

“সুন্দরবন সংলগ্ন সাপমারী-কৈর্গদাসকাঠি মৌজায় ১৭৩৪ একর জমির উপর ১৩২০ মেগাওয়াট ক্ষমতার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে প্রকৃতপক্ষে পরিবেশের উপর কী প্রভাব পড়বে তা যাচাইয়ের জন্য তিন সদস্যের প্রতিনিধি দলটি সুন্দরবন পরিদর্শনে এসেছে।”

প্রতিনিধি দলের তিন সদস্য হলেন ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান ইউনিটের প্রকল্প কর্মকর্তা ফ্যানি এডোলফিন এম ডোভের, যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা প্রকৃতি সংরক্ষণ বিশেষজ্ঞ নওমি ক্লার ও বিশ্ব ঐতিহ্যের পর্যবেক্ষণ কর্মকর্তা মিজুকি মুরাই।

এছাড়া প্রতিনিধি দলে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে নির্মাণ হচ্ছে দাবি করে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন এ প্রকল্প থেকে সরকারকে সরিয়ে আনতে আন্দোলন চালিয়ে আসছে।