নওগাঁয় প্রতিবন্ধী তরুণী ধর্ষিত
নওগাঁর মান্দায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার নওগাঁ সদর হাসপাতালে ওই তরুণীর (২০) ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তার রফিকুল ইসলাম (২৫) উপজেলার গোসাইপুর ঠাকুরমান্দা গ্রামের জিল্লুর রহমানের ছেলে; পেশায় নির্মাণ শ্রমিক।
ওসি বলেন, বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটির সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলে রফিকুল। শনিবার সন্ধ্যায় দেলোয়াবাড়ি হাটে মেয়েটির সঙ্গে দেখা হলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সাইকেলে তুলে নেয়।
“এর পর রাতে ভারশো এলাকার একটি চাতালের পাশে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে রফিকুলকে আটক করে থানায় খবর দেয়।”
এ ঘটনায় মেয়েটির ভাবি বাদী হয়ে রফিকুলকে আসামি করে মামলা করেছেন বলে জানান ওসি।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মেয়েটির বাম হাত ও বাম পা সামান্য বাঁকা। ওই হাত ও পায়ে তেমন শক্তি নেই।
