ছেলের শ্যালকের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত
বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের শ্যালকের লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে পৌরসভার বারইখালী এলাকা থেকে জবেদ মল্লিকের (৬০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) এনামুল হক মিঠু জানান, ছেলের শ্যালক রাজিবকে তার ভাগ্নে সজিবকে ব্যাটারি চালিত ভ্যান চালানো শেখাতে বলেন জবেদ মল্লিক। চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে ক্ষতিগ্রস্ত হয় ভ্যান।
“শুক্রবার রাতে জবেদ মল্লিকের বাড়িতে গিয়ে ভ্যান মেরামত খরচ পাঁচশ টাকা চায় রাজিব। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায় জবেদকে লাঠি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় রাজিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পুলিশ রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
