১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাগুরায় ‘বাস ডাকাতির’ চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১

মাগুরার শালিখায় মহাসড়কে নৈশ কোচে ‘ডাকাতির চেষ্টার সময়’ পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 08:46 AM

Updated : 12 Apr 2022, 01:39 AM

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার রামকান্তপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল ইসলাম জানিয়েছেন।

নিহত ওবাইদুর শিকদার উপজেলার হাটবাড়িয়া গ্রামের মেজবাউদ্দিনের ছেলে। তার ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে।

ওসি বলেন, “রাত আড়াইটার দিকে রামকান্তপুর এলাকায় মহাসড়কে গাছ ফেলে নৈশ কোচে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদের দিকে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।”

পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার আব্দুল আজিজ জানান, গুলিতে নিহত এক ব্যক্তিকে পুলিশ ভোর রাতে হাসপাতালে নিয়ে যায়।

শালিখা থানার এসআই নাসির, কনস্টেবল রসুল, সাইদ, মারুফ, আজিজকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি, একটি রামদা ও একটি গাছ কাটার করাত উদ্ধার করার কথা বলছে পুলিশ।