Published : 12 Mar 2016, 03:01 PM
নিখোঁজ এই শিশুগুলোর সবাই শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তাদের বাড়ি বিভিন্ন এলাকায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, শুক্রবার সন্ধ্যা থেকে চার শিশু নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে।
“তবে এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
নিখোঁজ শিশুরা হচ্ছে- বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনু মিয়ার ছেলে রাব্বি আহমদ (১৩), আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২), শায়েস্তাগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সুহানুর (১১) এবং নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে নয়ন (১২)।
নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সেলিম আহমেদ জানান, শুক্রবার বিকাল থেকে চার ছাত্রকে খুঁজে পাচ্ছেন না তারা।
নিখোঁজ রাব্বির বাবা আহমদ রশিদ মনু বলেন, “শুক্রবার বিকাল ৩টার দিকে পাঞ্জাবি বানানোর কথা বলে রাব্বি, ইমতিয়াজ, সুহানুর ও নয়ন মাদ্রাসা থেকে শায়েস্তাগঞ্জে যায়। এরপর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।”
বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাদের কোনো হদিস মেলেনি জানান নিখোঁজ শিশুর এই বাবা।
গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় বাহুবল উপজেলারই ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু। পাঁচদিন পর ইছাবিলে তাদের বালিচাপা লাশ পাওয়া গেলে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়। গ্রামের পঞ্চায়েতের বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।