Published : 01 Mar 2016, 05:49 PM
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, সোমবার রাতে গাজীপুর চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে সামী খানকে (৭) উদ্ধার করা হয়।
সেইসঙ্গে অপহরণে জড়িত অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
সামী উপজেলার রংছাতি ইউনিয়নের বড়তলা গ্রামের আবু সাঈদ খানের ছেলে। স্থানীয় বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সে।
এসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে সামীকে অপহরণ করা হয়। ওইদিন রাতে অপহরণকারীরা তার পরিবারের কাছে ফোন করে ৪৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
“এ ঘটনায় সামীর বাবা একটি সাধারণ ডায়েরি করলে তাকে উদ্ধারে অভিযান চালায় পুলিশ। পরে অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাকিং করে সোমবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আব্দুর করিম নামে একজনকে আটক করা হয়।”
তার দেওয়া তথ্যে গাজীপুর থেকে সামীকে উদ্ধার এবং অপহরণে জড়িত আরও ১১ জনকে আটক করা হয় বলে জানান তিনি।