১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাগুরায় শহীদ মিনারে সংঘর্ষে ছাত্রলীগ

একুশে ফেব্রুয়ারির সকালে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে মাগুরার শালিখায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 10:59 AM

Updated : 12 Apr 2022, 01:28 AM

রোববার সকালে উপজেলার আরপাড়া হাইস্কুল মাঠে এ সংঘর্ষ হয় বলে শালিখা থানার ওসি আবু জিহাদ জানান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুল দেওয়ার সময় এক পর্যায়ে থানা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন ও আরেক নেতা মোজাহার বিশ্বাসের সমর্কদের মধ্যে মারামারি শুরু হয়। পরে পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে তাদের সরিয়ে দেয়।

ওসি জিহাদ বলেন, “ফুল দেওয়াকে কেন্দ্র করে কিছু যুবক সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের লাঠিপেটা করে সরিয়ে দেওয়া হয়।”

ছাত্রলীগ সভাপতি কুতুব উদ্দিন বলেন, “শহীদ মিনারে ফুল দিতে গেলে দুর্বৃত্তরা আমাদের নেতা-কর্মীদের উপর হামলা করে। পরে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”

পুলিশের ছোড়া রাবার বুলেটে কয়েকজন আহত হয়েছেন বললেও তাদের নাম পরিচয় জানাতে পারেনি তিনি।

ভাষা দিবসের প্রথম প্রহরে ফুল দেওয়ার সময় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে বোমাবাজির ঘটনা ঘটে। ওই ঘটনার জন্যও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক পক্ষকে দায়ী করা হচ্ছে।