গৌরনদী উপজেলা চেয়ারম্যান মারা গেছেন
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের পরপর দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম খান মারা গেছেন।
শুক্রবার সকাল ১০টায় বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে চেয়ারম্যান শাহ আলম খানের মৃত্যু হয়েছে।
ফরহাদ হোসেন মুন্সী আরও জানান, শুক্রবার জুম্মার নামাজের পর টিটিসি জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা হয়। বাদ আসর গৌরনদী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ হয়।
পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।
শাহ আলম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
শাহ আলম বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
