বগুড়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে দুবলাগাড়ি বাজার এলাকায় করতোয়া নদীর তীরে তার লাশ পাওয়া যায় বলে জানান শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন।
নিহত মানিক হোসেন (৪০) দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার বেলঘড়িয়া এলাকার মন্টু প্রামাণিকের ছেলে।
একটি মোবাইল ফোন কোম্পানির স্থানীয় ডিস্ট্রিবিউশন হাউজের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পরিবারের বরাত দিয়ে ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিক বিভিন্ন এলাকার মোবাইল ফোনের দোকানে ফ্ল্যাক্সিলোড ও ফোনের কার্ড সরবরাহের কাজ করতেন। শনিবার দুপুরে দুবলাগাড়ি বাজারে তার মোটরসাইকেল সাইকেল রেখে তিনি কাজে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
সকালে স্থানীয় লোকজন করতোয়া নদীর পাড়ে মানিকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, নিহতের দুই হাত পেছন থেকে বাঁধা ছিল। প্যান্টের পকেট থেকে নগদ পাঁচহাজার টাকা এবং পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
দুর্বৃত্তরা মানিকের কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
