১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ‘অপহৃত’ নারী বাউল সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ থেকে কথিত অপহরণের ছয়দিন পর এক নারী বাউল শিল্পীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 03:27 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

এ ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার ভোরে সিলেটের বিয়ানিবাজার থেকে তাদের আটক করা হয় বলে জানান তাড়াশ থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার।

উদ্ধারকৃত ওই নারীর (২২) বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলায়।

গ্রেপ্তার রিপন মিয়া (৩০) ময়মনসিংহের ভালুকাবাজার এলাকার আমজাদ আলী শেখের ছেলে।

এসআই অনুজ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ ফেব্রুয়ারি ওই বাউল শিল্পী পাবনা থেকে তার বোনের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশে বেড়াতে আসেন।  

“পরদিন রিপন মোবাইল ফোনে গানের বায়না করার কথা বলে তাড়াশের মান্নান নগর এলাকায় মেয়েটিকে ডেকে নেয়। তিনি সেখানে পৌঁছালে রিপন তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।”

এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি বাউল শিল্পীর স্বামী ফারুক হোসেন বাদী হয়ে রিপনসহ দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ২/৩ বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন বলে জানান তিনি।

এসআই অনুজ কুমার আরও বলেন, মামলার পর বাউল শিল্পীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। গোপন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে রিপনের সহযোগী বিয়ানিবাজারের বারইগ্রামের লুৎফুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।

“সেখান থেকে বাউল শিল্পীকে উদ্ধার ও রিপনকে গ্রেপ্তার করা হয়।”

বাউল শিল্পীকে অপহরণের পর সিলেটে তার সহযোগী লুৎফরের বাড়িতে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেছেন, জানান এই পুলিশ কর্মকর্তা।