২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

স্কুলড্রেস না পরায় ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে

পাবনায় চাটমোহর উপজেলায় ইউনিফর্ম না পরে স্কুলে আসায় এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 09:25 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

মঙ্গলবার চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি ফেরে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রনজিনা (১২)।

রনজিনা উপজেলার বিলচলন ইউনিয়নের দোলন গ্রামের সুরুজ আলীর মেয়ে।

এ ঘটনার পর শিক্ষক শাহীন হোসেনকে বদলি করা হয়েছে।

সুরুজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সকালে অন্য পোশাক পরে স্কুলে গেলে শিক্ষক শাহীন হোসেন মেয়েকে বেত দিয়ে পেটান। পরে রাতে তার জ্বর আসে। প্রাথমিক চিকিৎসায় ভালো না হওয়ায় রোববার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

“আমি দ্ররিদ্র মানুষ, তার উপর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। স্কুলড্রেস কেনায় বিলম্ব হওয়ায় শিক্ষকের হাতে মেয়েকে মার খেতে হল।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাজিবুর রহমান বলেন, রনজিনার জ্বর কমলেও শরীরে এখনও ব্যথা রয়েছে। আঘাতের কারণে ভয় পেয়ে জ্বর আসছিল। চিকিৎসা দেওয়ার পর স্বাভাবিক হলে মঙ্গলবার বিকালে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে সুরুজ আলী একটি অভিযোগপত্র দিলে তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক শাহীন হোসেনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটির প্রতিবেদনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  কাছে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।