কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী মেয়েসহ নিহত ৪
কুমিল্লার দাউদকান্দিতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে স্বামী-স্ত্রী, সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত পৌনে ২টার দিকে উপজেলার টামটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম জানান।
নিহতরা হলেন- রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ফজলুল বারী মিঠু, তার স্ত্রী আসমাউল হুসনা বনি (৩৪), মেয়ে ফাহমিদা ফায়রুজ (৬) ও গৃহকর্মী সীমা (২১)। তাদের সবার বাড়ি বগুড়ায়।
এসআই মনিরুল জানান, প্রাইভেট কারে করে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন ডা. ফজলুল বারী ও তার পরিবারের সদস্যরা। টামটার নতুন রাস্তা এলাকায় বিপরীত দিকে থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মুত্যু হয়।
ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে যায়। নিহতদের লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে এসআই মনিরুল জানান।
