প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ছাত্রীকে মারধর
ঝালকাঠির রাজাপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে বখাটেরা।
রাজাপুর থানার পরিদর্শক মুনীর উল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
রোববার বিকেলে উপজেলার আদাখোলা গ্রামে এ ঘটনায় আহত আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেয়েটির মা সাংবাদিকদের বলেন, স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে স্থানীয় সাইফুল তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাইফুল এবং তার সহযোগী জুয়েল হাওলাদার ও জুয়েল হোসেন পথরোধ করে মেয়েকে মারধর শুরু করে। মেয়ে অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে খবর দেয়।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবুল খায়ের রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলছাত্রীটি কানে ও মাথায় আঘাত পেয়েছে।তবে সে এখন আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে তদন্ত করে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পরিদর্শক মুনীর উল গিয়াস।
