‘পরকীয়ার’ জেরে যুবলীগ নেতা খুন
ঝালকাঠিতে পরকীয়ার কারণে যুবলীগের নেতাকে শ্বাসরোধে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মহসিন জোমাদ্দার (৪৪) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার ভোরে ওই এলাকার বিবাহিতা এক নারীর ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ।
এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহসিনের সঙ্গে একই এলাকার ওই নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।
“সোমবার সন্ধ্যায় মহসিন ওই বাড়িতে যায়। এরপর আর ফিরে আসেনি। সকালে ওই নারীর ঘর থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়।”
নিহতের গলায় এবং হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহালে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
