ঢাকার ব্যবসায়ীর সুটকেসবন্দি লাশ কুমিল্লায় উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ি থেকে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ দুই দিন পর কুমিল্লার দাউদকান্দিতে পাওয়া গেছে।
মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীর হোসেনের (৫০) স্যুটকেসভরতি লাশ উদ্ধার করা হয়।
দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়ির এএসআই মো. ফিরোজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটিপাড়ার ওই বাড়ি থেকে দুর্গন্ধ আসায় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
“পরে পুলিশ গিয়ে সেখান থেকে স্যুটকেসটি উদ্ধার করে। তার ভেতরে কম্বল দিয়ে মোড়ানো লাশ পাওয়া যায়।”
জাহাঙ্গীর হোসেনের বাড়ি চাদঁপুর জেলার মতলবপুর উপাদি গ্রামে। তিনি ঢাকায় ‘শান্ত কেমিক্যাল কয়েল কোম্পানি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
দাউদকান্দি থানার ওসি আবু সালাম জানান, ওই ব্যবসায়ী গত ১১ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় জাহাঙ্গীরের পরিবার একই রাতে যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
“নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও গলায় কালো দাগ রয়েছে। সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।
ওসি সালাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদনটি যাত্রাবাড়ি থানায় পাঠানো হবে। এ ঘটনায় যাত্রাবড়ি থানাতেই মামলা হবে বলে জানান ওসি।
