চাঁদপুরে ট্রেনে হাতবোমা নিক্ষেপ
জামায়াতের হরতালের আগের রাতে চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার রাত ৯টার দিকে শাহরাস্তি উপজেলার উনকিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ট্রেনটির চালক মো. সাহাবুদ্দিন।
“এ সময় ট্রেনের ইঞ্জিনের পাশের টেবিলে আগুন ধরে গেলেও তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।”
রেলওয়ের চাঁদপুর স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি মো. ওসমান গনি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে কেউ হতাহত হয়নি।”
সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমানের মৃত্যুদণ্ড বহালের রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের বার্তা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
