Published : 22 Dec 2015, 02:26 PM
মঙ্গলবার ভোরে হরিপুর উপজেলার খোলড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নিহত হেমন্ত চন্দ্র (৩২) খোলড়া গ্রামের যতীন্দ্র চন্দ্রের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ওসি আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরু আনতে ভোরে সীমান্তের ২৭১ নম্বর পিলারের পাশ দিয়ে ভারত প্রবেশ করেন হেমন্ত।
“ওপারে যাওয়ার পর বিএসএফের রায়পুর ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
বিএসএফ হেমন্তের লাশ রায়পুর থানায় হস্তান্তর করেছে বলে জানান ওসি।
হেমন্তের বাবা যতীন্দ্র চন্দ্র বলেন, তার ছেলে গরু ব্যবসায়ী নন। তাই কেন সীমান্ত পার হয়ে তার ছেলে ভারত গেলেন তা তিনি বলতে পারছেন না।
হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হরিপুর মহিলা কলেজের অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ তাদের একটি দল সাদা পতাকা হাতে সীমান্তে বিএসএফের জন্য অপেক্ষা করছেন বলেও জানান মুকুল।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কর্মকর্তা পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানালেও নাম প্রকাশ করেননি তিনি।