Published : 19 Sep 2026, 07:47 PM
প্রদর্শনী, চিত্রকর্ম, পুঁথি পাঠ আর নাচ-গানের মধ্য দিয়ে নিজেদের সৃজনশীলতা ফুটিয়ে তুলল একদল সুবিধাবঞ্চিত শিশু।
রাজধানীর আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশে (আইএবি সেন্টার) শনিবার দিনভর সাংস্কৃতিক ও বিজ্ঞান উৎসবে অংশ নেয় তারা।
সামাজিক সংগঠন ‘আগামী’ এর এই আয়োজন চলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
সেখানে ‘আগামী’ পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৪টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। বিজ্ঞান, গণিত মেলা ও কুইজ প্রতিযোগিতায়ও শিশুরা অংশ নেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা এসব প্রকল্প ও শিল্পকর্ম ঘুরে দেখে মূল্যায়ন করেন।
উৎসবের সংগীত আয়োজনে রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন ও নজরুলসংগীত শিল্পী রেবেকা সুলতানা গান পরিবেশন করেন।
শিশুদের সঙ্গে নিয়ে গানের পর রেবেকা সুলতানা বলেন, “শিশুরা নানা প্রতিকূলতার মধ্যেও যেভাবে মেধা বিকাশের চেষ্টা করছে, তা দেখে আমি অভিভূত।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা ইসলাম সিরাজ বলেন, “সুবিধাবঞ্চিত হলেও আমাদের অনেক শিশু অত্যন্ত মেধাবী। তাদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
উৎসবে ‘আগামী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন ‘আগামী এডুকেশন ফাউন্ডেশন’ এর ভাইস প্রেসিডেন্ট নাফিসা খানম।
অনুষ্ঠানে চিত্রশিল্পী রশীদ আমিন ও শিশুতোষ ম্যাগাজিন ‘টইটম্বুর’ এর সহ-প্রতিষ্ঠাতা হাসনাইন সাবিহ নায়েকও উপস্থিত ছিলেন।