মণিরামপুরে ‘বন্ধুর হাতে’ যুবক খুন
যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবককে তার বন্ধু কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে ডুমুরখালি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির।
নিহত সবুজ হোসেন (২০) ওই গ্রামের আকবর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত সবুজের বন্ধু রফিকুল ইসলাম জানান, বেলা ২টার দিকে তিনি ও সবুজ বাড়ি থেকে ডুমুরখালী বাজারে যাচ্ছিলেন।
বাজারের কাছে পৌঁছলে তাদের আরেক বন্ধু জসিম তার বড় ভাই মোস্তফার সঙ্গে মোটরসাইকেলে এসে পেছন থেকে সবুজের ঘাড়ে কোপ দেয় বলে জানান রফিকুল।
“যশোর জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
যশোর জেনারেল হাসাপাতালের চিকিৎসক আব্দুর রশিদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে সবুজের ঘাড়ের মূল শিরা বিচ্ছিন্ন হয়ে গেছে।
নিহত সবুজের মামা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবুজ ও জসিম ঝিকরগাছা উপজেলার বাঁকড়া কলেজের অনিয়মিত পরীক্ষার্থী। তারা একই সঙ্গে চলাফেরা করত।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি।
