২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা শুরু শুক্রবার

খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা শুক্রবার শুরু হবে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 01:17 AM

Updated : 22 Aug 2022, 02:13 PM

ওই বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্র ও শনিবার ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের এবং বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তিপরীক্ষা হবে।

শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের, বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুলের এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তিপরীক্ষা হবে।

ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, এবার প্রতিটি আসনের বিপরীতে ২৮ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করবেন।

পাঁচটি স্কুল ও একটি ইনস্টিটিউটের আওতায় ২৬টি ডিসিপ্লিনে মোট ১ হাজার ১১৮টি আসনের বিপরীতে ৩০ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

ভর্তিপরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যতীত (প্রযোজ্য ক্ষেত্রে) কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে আনা নিষিদ্ধ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ভর্তিপরীক্ষা চলাকালে দুটি ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে জানিয়েছেন ওই ভারপ্রাপ্ত পরিচালক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনীতি ও সেশনজটমুক্ত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”