জন্মস্থানে রোকেয়া স্মরণ
নানা আয়োজনের মধ্যে জন্মস্থান রংপুরের পায়রাবন্দ গ্রামে স্মরণ করা হয়েছে বেগম রোকেয়াকে।
রোকেয়া দিবসে বুধবার সন্ধ্যায় পায়রাবন্দে আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।
এছাড়া তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণসহ মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
রোকেয়া স্মৃতিকেন্দ্রে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে আলাচনা করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) কাজী হাসান আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সহসম্পাদক রাশেক রহমান, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এছাড়া দিবসটি পালনোপলক্ষে রোকেয়া স্মৃতি কেন্দ্রের সামনে শুরু হয়েছে তিনদিনের রোকেয়া মেলা।
সকালে পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে তিনদিনের কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) কাজী হাসান আহমেদ।
১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।
তার সবচেয়ে খ্যাত রচনা হলো ‘সুলতানাস ড্রিম’, যার অনূদিত রূপ সুলতানার স্বপ্ন। অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে পদ্মরাগ, অবরোধবাসিনী ও মতিচুর।
১৯৩২ সালের ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন।
এদিকে বেগম রোকেয়া ফোরাম বিকালে রংপুর টাউন হলে আয়োজন করে আলোচনা সভা, রোকেয়া পদক প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিবসটি পালন করে।
