বেগম রোকেয়াকে স্মরণ রাবিতে
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়াকে স্মরণ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রোকেয়া দিবসে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) ও নাট্য সংগঠন তীর্থক যৌথভাবে অনুষ্ঠানেরর আয়োজন করে।
দিনটিকে স্মরণে দুপুরে ‘জাগো, জাগো গো ভাগিনী জাগো’ স্লোগান নিয়ে শোভাযাত্রা বের করে সংগঠন দুটি।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রোকেয়া হলে গিয়ে সেখানে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
এরপর সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও রুডার উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ছাদেকুল আরোফিন মাতিন, তীর্থক নাট্য সংগঠনের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, রুডা’র সভাপতি মো. সিহাবুদ্দিন সিহাব প্রমুখ।
সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।
এছাড়া বিকালে রুডার প্রযোজনায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে নাটক ‘বৌ’ প্রদর্শন করা হয়েছে।
১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।
তার সবচেয়ে খ্যাত রচনা হলো ‘সুলতানাস ড্রিম’, যার অনূদিত রূপ সুলতানার স্বপ্ন। অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে পদ্মরাগ, অবরোধবাসিনী ও মতিচুর।
১৯৩২ সালের ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন।
