২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে গৃহবধূকে ‘পুড়িয়ে হত্যার চেষ্টা’  

নড়াইল সদর উপজেলায় এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 02:55 PM

Updated : 26 Jul 2022, 12:09 PM

মঙ্গলবার রাতে সীমাখালি গ্রামে এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার ওসি সুভাস চন্দ্র বিশ্বাস জানান।

তিনি বলেন, স্থানীয় কয়েকজন কয়েজ বেগের স্ত্রী সবিতা বেগমকে (২৫) রাতে দগ্ধ অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর থেকে কয়েজ ও তার বাড়ির অন্য সদস্যরা পলাতক বলে জানান তিনি।  

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আ ফ ম মশিউর রহমান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে সবিতার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে।”

চিকিৎসাধীন সবিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামী  শাশুড়ি ও ননদ প্রায়ই আমার উপর নির্যাতন চালাত। তারা আমাকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দিত। গতকাল ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।”

সবিতা খানমের বাবার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি থানার ধানকুড়া গ্রামে। ওহাব বেগের ছেলে কয়েজ বেগের সঙ্গে বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

সবিতাকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যান পাশের পংকবিলা গ্রামের রাসেল সিকদার, যিনি ভাড়ায় মোটরসাইকেল চালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাসেল বলেন, “রাতে ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ‘আগুন আগুন’ চিৎকার শুনে লোকজনের সঙ্গে আমিও এগিয়ে যাই।”

এরপর পানি দিয়ে আগুন নিভিয়ে সবিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানান তিনি।

ওসি সুভাস চন্দ্র জানান, তারা সবিতার শ্বশুরবাড়ির লোকজনকে আটকের চেষ্টা করছে।