সাভারে দুই লাশ: স্থানীয়দের দাবি ‘ডাকাতি’, পুলিশ বলছে ‘দুর্ঘটনা’
ঢাকার সাভারে রাস্তার ওপর দুই সবজি ব্যবসায়ীর থেঁতলানো লাশ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে ডাকাতি বললেও পুলিশের ধারণা, দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।
এ ‘দুর্ঘটনায়’ আরও দুইজন আহত হয়েছেন বলেও জানায় সাভার থানা পুলিশ।
বুধবার রাত ৩টার পর ভাকুর্তা এলাকার তুরাগ-মোগড়াকান্দা সড়কে পুলিশের তল্লাশি চৌকির কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেরানীগঞ্জের বটতলী এলাকার বাকী মিয়ার ছেলে মহসিন (৪৫) ও হোসেন মিয়ার ছেলে মাসুদ রানা (২০)।
সাভার মডেল থানার এসআই কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুর্ঘটনায় আহত কেরানীগঞ্জের বটতলী এলাকার মর্তুজ আলীর ছেলে আলীম উদ্দিন ও জবেদ আলীর ছেলে মহিউদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
তারা বাড়ি যাওয়ার আগে থানায় এসেছিলেন এবং দুর্ঘটনার বর্ণনা দেন বলে এসআই কামরুল জানান।
তাদের বরাত দিয়ে কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাকুর্তার চুনারচর এলাকার রজব আলীর পিকআপ ভ্যান ভাড়া নিয়ে কেরানীগঞ্জের সাত সবজি ব্যবসায়ী মিরপুর যাচ্ছিলেন।
“ভ্যানে চালকের পাশে তিন জন ও পিছনে সবজির সঙ্গে চার জন বসা ছিলেন।”
তিনি বলেন, ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তুরাগ-মোগড়াকান্দা সড়কের লোহার ব্রিজের কাছে পুলিশ চেক পোস্টের সামনে পৌঁছলে একটি ট্রাক পিছন দিক থেক পিকআপটিকে ধাক্কা দেয়। তখন পিছনে থাকা চার জন পিকআপ ভ্যান থেকে নীচে ছিটকে পড়েন।
“ওই সময় ট্রাকটি সাইড নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই দুইজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।”
দুপুরে স্বজনরা থানা থেকে লাশ নিয়ে যান বলে জানান ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম।
‘দুর্ঘটনার জন্য দায়ী’ ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তবে ডাকাতের হামলায় এ দুজন নিহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।
মিজান নামে স্থানীয় এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহসিন ও মাসুদ পিক-আপ ভ্যানে করে সবজি নিয়ে যাওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তুরাগ লোহার সেতুর দক্ষিণে ডাকাতের কবলে পড়েন।
ডাকাতরা ভ্যান আটকে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে এবং টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় বলে তাদের দাবি।
এর প্রতিবাদে এলাকাবাসী সকাল ৮টা থেকে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
ডাকাতির অভিযোগ উড়িয়ে দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন বলেন, “একটি ঘটনা ঘটেছে, এখন লোকজন অনেক কথা বলতে পারে।”
স্থানীয়দের অভিযোগ, রাত ১০টার পর তল্লাশি চৌকিতে পুলিশের কোনো সদস্য ছিলেন না। এই সুযোগেই দুই ব্যবসায়ীকে খুন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার এসআই কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৩টার দিকে আমরা দায়িত্ব পালন শেষে চলে আসি। পরে লাশের খবর পেয়ে আবার সেখানে যাই।”
