জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ভুল করে’ শিক্ষক নিয়োগ
‘ভুল করে’ একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পর তার নিয়োগপত্র প্রত্যাহার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ‘ভুলবশত’ এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন নিবন্ধক আবুবকর সিদ্দিক।
গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে অস্থায়ী ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে মো. সালাহ উদ্দিন রাজিব এবং অস্থায়ী প্রভাষক পদে মো. আতিকুর রহমান ও তানজিলা হোসাইনকে নিয়োগ দেয়।
কিন্তু নিবন্ধক আবুবকর সিদ্দিক এই তিনজনের সঙ্গে নিতাই চন্দ্র নামে একজনকেও নিয়োগপত্র দিয়ে সোমবারের মধ্যে কাজে যোগ দিতে বলেন।
চিঠি পেয়ে সোমবার ওই চারজন যোগ দেন।
বিষয়টি জানাজানি হলে নিবন্ধক আবুবকর সিদ্দিক ‘অনাকাঙ্ক্ষিতভাবে’ নিয়োগ পাওয়া নিতাই চন্দ্রকে ডেকে তার নিয়োগপত্র প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে নিবন্ধক আবুবকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটু ভুল বোঝাবুঝির ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল। আমি যখনই বিষয়টি জানতে পেরেছি তত্ক্ষণাৎ তা ঠিক করে নিয়েছি।”
‘অনাকাঙ্ক্ষিতভাবে’ এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে নিতাই চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে প্রথমে নিয়োগপত্র দেওয়া হয়। সেই অনুযায়ী আমি ব্যাংকে টাকা জমা দিয়ে বিভাগে যোগদান করি। কিন্তু পরে নিবন্ধক সাহেব আমাকে ডেকে ভুল করে নিয়োগপত্রটি দেওয়া হয়েছে জানিয়ে ফিরিয়ে নেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।”
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টিকে স্বাভাবিকভাবে না দেখে এটা নিয়ে একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন। কারণ এটা একটা বড় ধরনের ভুল। যদি নিবন্ধক এমন ভুল করে থাকেন তাহলে তার শাস্তি হওয়া উচিত।”
এ বিষয়ে জানার জন্য উপাচার্য ফারজানা ইসলাম ও উপ-উপাচার্য আবুল হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।
