২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক পৌরসভায় আ. লীগের দুই প্রত্যয়নপত্র

শরীয়তপুর পৌরসভায় ঋণ খেলাপের কারণে দলের প্রথম মনোনীতের প্রার্থিতা বাতিল হওয়ার পর আরেকজনের নামে প্রত্যয়নপত্র পাঠিয়েছে আওয়ামী লীগ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:27 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

দলের সভানেত্রীর ৭ ডিসেম্বরের স্বাক্ষরিত এক চিঠিসহ এই প্রত্যায়নপত্রটি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় জমা দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, ঋণ খেলাপির কারণে সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কোতোয়ালের  মনোনয়নপত্র বাতিল হওয়ায় মনোনয়ন পরিবর্তন করে আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদকে দেওয়া হয়েছে।

“আমাদের দলীয় প্রার্থী ফারুক আহম্মেদ।”

ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আমাকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারকে পত্র দিয়েছেন।”

স্থানীয় সরকার নির্বাচন আইন ২০১৫-এর গেজেটের ১২এর উপ-বিধি ৩-এর দফা (গ) এর উপ-দফায় (ইইই) বলা হয়েছে, ‘কোনো রাজনৈতিক দল পৌরসভায় মেয়র পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিতে পারিবে না, একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিলে উক্ত দলের প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হইবে।’

একই দলের দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়ন দেওয়ায় তা বাতিল হবে কিনা জানতে চাইলে জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনী বিধিবিধান অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম কোতোয়ালকে প্রথমে মনোনয়ন দেয় দলটি। ৩ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রফিকুল মনোনয়নপত্র দাখিল করেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সদস্য ফারুখ আহমেদ তালুকদার।

বাংলাদেশ ব্যাংক থেকে রফিকুরের ঋণ খেলাপি চিঠি এলে ৬ ডিসেম্বর বাছাইয়ে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

মনোনয়নের বৈধতা দাবি করে ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে আপিল করেন সাবেক ছাত্রলীগ নেতা। তবে এই আপিলের নিস্পত্তি না হতেই ৭ ডিসেম্বর কেন্দ্র থেকে নতুন করে ফারুখের নামে প্রত্যায়নপত্র পাঠানো হয়।

তবে শরীয়তপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, “আমাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। সাময়িকভাবে আমার মনোনয়নপত্র বাতিল করার পর আমি আপিল করেছি। সর্বোচ্চ আইনি লড়াই করে আমি আমার প্রার্থিতা ফেরত পাব এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করব।”