২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে স্কুলছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

ঝালকাঠিতে মিলাদ-মাহফিলে বসার স্থান নিয়ে কথা কাটাকাটির জেরে এক স্কুলছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

দুলাল ফরাজী (২০) ও মেহেদী হাসানকে (২২) রাজাপুর উপজেলার বলাইবাড়ি থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।   

আহত রাজু হোসেনকে (১৪) রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজু দক্ষিণ রাজাপুর বলাইবাড়ি এলাকার ফল ব্যবসায়ী দেলোয়ার মৃধার ছেলে এবং ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রাজুর মা কুরছিয়া বেগম  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে একটি মিলাদ-মাহফিলে বসার স্থান নিয়ে আমার ছেলে এবং তার বন্ধু রুমিকে মারধর করে  দুলাল ও মেহেদী। পরে তারা রাজুকে একটি গলির ভেতর নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে।” 

এ সময়  রাজু ও তার বন্ধুর  চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাদের উদ্ধার করে এবং দুলাল ও মেহেদীকে আটক করে পুলিশে দেয়।
রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তৌফিক-ই-এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজুর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার গলায় পাঁচটি সেলাই ও শরীরের ডান পাশে একটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে অনেকটা আশঙ্কামুক্ত।”
এ ঘটনায়  কুরছিয়া বেগম মঙ্গলবার দুপুরে আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেছেন।

ওসি মুনীর জানান, মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।