স্বামীকে বাঁচাতে গিয়ে গৃহবধূ নিহত
গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রতিপক্ষের হামলা থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। হামলায় স্বামী আহত হয়েছেন।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার কচুয়া ইউনিয়নের বুরুঙ্গি গ্রামে নিহত হন পারুল বেগম (৫০)। তিনি ওই এলাকার আফজাল মিস্ত্রির (৬০) স্ত্রী।
আহত আফজালকে মিস্ত্রিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আফজাল মিস্ত্রির সঙ্গে একই গ্রামের নুরুল ইসলামের বিরোধ চলে আসছিল। সকাল এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে নুরুল ইসলাম লোকজন নিয়ে লাঠি ও ধারালো অস্ত্রসহ আফজালের উপর হামলা চালায়।”
ওই সময় পারুল স্বামীকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, ঘটনার পর থেকে নুরুল ইসলাম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। এ ঘটনায় পারুলের ছেলে সাহরুল হোসেন সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন।
