দিনাজপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিনাজপুরের একটি আদালত।
মঙ্গলবার বিকালে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আখতার-উল-আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মহসিন আলী (৩৫) বিরল উপজেলার গমির গ্রামের মহররম আলীর ছেলে।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ওই আদালতের পিপি দেলোয়ার হোসেন।
মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের একটি মেয়েকে একাধিকবার ধর্ষণ করে মহসিন আলী। এতে মেয়েটি গর্ভবর্তী হন এবং তার একটি ছেলে হয়। কিন্তু ওই সন্তান তার বলে অস্বীকার করে মহসিন।
এ ঘটনায় ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর মেয়েটি বাদী হয়ে মহসিনকে আসামি করে বিরল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
