শরীয়তপুরে কিশোরীকে গলা কেটে হত্যা
শরীয়তপুরের সখিপুরে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
সখিপুর থানার ওসি এ কে মঞ্জুরুর হক আকন্দ জানান, সোমবার রাতে চর সেনসার্স ইউনিয়নের চোকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
নিহত সামিনা আক্তার (১৬) চোকদার কান্দি গ্রামের মৃত আব্দুর রব গাজীর মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঞ্জুরুর হক জানান, সোমবার রাতে কে বা কারা সামিনাকে তার নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই উজ্জ্বল গাজী বাদী হয়ে চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জানাতে পারেননি তিনি।
উজ্জ্বল গাজী বলেন, “আমার বোনকে কালা মিয়া, তার মা সানু বেগম ও তার চাচা সেলিম চৌকিদারসহ কয়েকজন মিলে গলা কেটে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।”
তিনি জানান, সামিনার সঙ্গে তাদের আরেক ভাই শাজাহান গাজীর স্ত্রীর ভাই কালা মিয়া চোকদারের প্রেমের সম্পর্ক ছিল।
বিষয়টি জানাজানি হলে সামিনার পরিবার বিয়ের জন্য চাপ দিলে কালা মিয়ার মা দুই দিনের সময় নেন বলে জানান উজ্জ্বল।
এর জেরে তারা সামিনাকেস হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
