২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছাত্রকে মারধরের পর শিক্ষক লাঞ্ছিত, সড়ক অবরোধ

ছাত্রকে মারধরের পর তার অভিভাবক এক শিক্ষককে লাঞ্ছিত করায় যশোরের ঝিকরগাছার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 07:35 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

শনিবার ক্লাস চলাকালে নাভারন আকিজ কলেজিয়েট স্কুলে মারধরের ঘটনা ঘটে এবং রাতে ভ্রাম্যমাণ আদালত বসে।

রোববার শিক্ষার্থীরা অবরোধ করে।

পরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হস্তক্ষেপে বেলা সাড়ে ৩টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

মারধরের ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে ওই ছাত্রের অভিভাবক ও ওই শিক্ষককে জরিমানা করেছেন।

আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মজিবুর রহমান জানান, শনিবার সপ্তম শ্রেণির ছাত্র ইভেন কবির বিদ্যালয়ের পোশাক ছাড়া এবং দেরিতে বিদ্যালয়ে আসে। এতে স্কুলের ক্রীড়া শিক্ষক আমজাদ হোসেন তাকে ‘বকাঝকা ও মারধর’ করেন।

“এরপর ইভেন বাড়ি গিয়ে তার বাবা আব্দুল হান্নানকে ডেকে আনে এবং শিক্ষক মিলনায়তনে গিয়ে বাবা-ছেলে মিলে শিক্ষক আমজাদ হোসেনকে মারধর করেন।”

তিনি জানান, এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আব্দুল হান্নানের মোটরসাইকেল ভাঙচুর করে জ্বালিয়ে দেয় এবং বাবা ও ছেলেকে অবরুদ্ধ করে রাখে। পরে তারা স্কুলের মাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল ও ওসি মোল্যা খবির আহমেদ গিয়ে বাবা-ছেলেকে উদ্ধার করেন বলে জানান অধ্যক্ষ মজিবুর।

তিনি বলেন, “শনিবার রাতেই ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল অভিভাবক আব্দুল হান্নানকে দুইশ টাকা এবং শিক্ষক আমজাদ হোসেনকে একশ টাকা জরিমানা করেছেন।”

এছাড়া ভ্রাম্যমাণ আদালতে শিক্ষককেও জরিমানা করায় শিক্ষার্থীরা রোববার আবার বিক্ষোভ করে বলে তিনি জানান।

ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, শিক্ষককে মারপিটের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ছেলে ও তার বাবাকে কলেজে অবরুদ্ধ করে রেখেছে খবর পেয়ে সেখানে গিয়ে তাদের উদ্ধার করা হয়।