২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নওগাঁয় বড় ভাইয়ের লাঠিতে ছোট ভাই খুন

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি তার ছোটভাইকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2015, 09:26 PM

Updated : 22 Aug 2022, 01:07 PM

সোমবার সকাল ৮টার দিকে দোডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান।

নিহতের নাম এচাহাক আলী (৩৬)। লাঠির আঘাতে তার স্ত্রী লতিফুন বিবিও আহত হন, যাকে মান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বড়ভাই জয়েন উদ্দিন (৪৮) ঘটনার পর থেকেই পলাতক। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও পুলিশ তার নাম-পরিচয় প্রকাশ করেনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোজাফফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের লছির উদ্দিনের দুই ছেলে জয়েনউদ্দিন ও এচাহাকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত।

“সকাল সাড়ে ৭টার দিকে ঘরের চালের পানি পড়া নিয়ে তারা ঝগড়ায় জড়ায়। এক পর্যায়ে জয়েন উদ্দিন লাঠি দিয়ে এচাহাকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বামীকে বাঁচাতে এসে এ সময় লতিফুনও লাঠির আঘাতে আহত হন।”

খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।