২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪৫

জেলায় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ২৭ জন।

ফরিদপুরে ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 05:23 PM

Updated : 21 Dec 2023, 05:23 PM

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন নারীর মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ২৭ জনে। বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৪৫ রোগী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই নারীরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ব্যাসপুর গ্রামের জাফর শেখের স্ত্রী রাজিয়া বেগম (৫০), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম গ্রামের ছত্তার বেপারীর স্ত্রী আছিয়া বেগম (৫০) এবং ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার সুবীর শিকদারের স্ত্রী চন্দনা শিকদার (৫০)।

শুক্রবার সকালে হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, বুধবার বিকালে রাজিয়া বেগম ও আছিয়া বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। আর চন্দনা শিকদার গত ৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তিনি বৃহস্পতিবার সকালে মারা যান।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৫ জন। এসব হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৬৭ রোগী। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩০৪ জন।

তিনি আরও জানান, জেলায় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ২৭ জন। তারা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা সাত হাজার ৮৯৫ জন। এর মধ্যে সাত হাজার ২০১ জন রোগী সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]