১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে নিখোঁজের ২ দিন পর কালীগঙ্গায় মিলল স্কুল ছাত্রীর লাশ

দুদিন আগে বিকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়েছিল বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2024, 01:04 PM

Updated : 04 Mar 2024, 01:12 PM

মানিকগঞ্জে নিখোঁজের দুদিন পর কালীগঙ্গা নদী থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশের চর এলাকার নদীর তালাপ্পার ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি হাবিল হোসেন জানিয়েছেন।

নিহত সামিয়া ইসলাম (১৫) কুমিল্লার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

এ ছাড়া সে মানিকগঞ্জ এসকে গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

মানিকগঞ্জের মুলজান পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যানের চাকরি করায় সাইফুল ইসলাম পরিবার নিয়ে এখানে বসবাস করেন।

পুলিশ জানায়, শনিবার বিকাল তিনটার দিকে কোচিংয়ের কথা বলে পৌর এলাকার দক্ষিণ সেওতার বাসা থেকে বের হয়ে সামিয়া নিখোঁজ হওয়ার বিষয়ে ওই দিনই সদর থানা সাধারণ ডায়েরি করেন সাইফুল ইসলাম।

সোমবার সকাল ৯টার দিকে কালীগঙ্গা নদীর তালাপ্পা ঘাটে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশের উদ্ধারের খবরে বাবা সাইফুল ইসলাম গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন।

সদর থানা ওসি হাবিল হোসেন বলেন, “লাশটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”