ভাড়া বাসায় হাটিকুমরুল হাইওয়ে থানার কার্যক্রম শুরু
৪ অগাস্ট হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগের পর থেকে ১১ দিন থানার কোনো কাজ ছিল না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা-ভাঙচুরও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যদের মারধরের পাশাপাশি লুট হয় অস্ত্র ও গুলি।
এরপর থেকে ১১ দিন থানার কোনো কাজ ছিল না। ১৫ অগাস্ট থেকে আগের জায়গার কয়েক কিলোমিটার পূর্বে পাঁচলিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থানার কার্যক্রম শুরু হয়েছে।
তবে জরুরি কাজ ছাড়া থানা পরিচালনায় তেমন কোনো গতি ফেরেনি। হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এখনও মামলা হয়নি।
এ অবস্থায় উত্তরাঞ্চলের ‘প্রবেশদ্বার’ খ্যাত সিরাজগঞ্জ অংশের ৯৬ কিলোমিটার মহাসড়ক বর্তমানে অনেকটা অরক্ষিত। তবে পুলিশের কর্মকর্তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, “আন্দোলনকারীদের হামলার সময় লুট হওয়া ১০টি অস্ত্র ও আড়াই শতাধিক গুলি এখনও উদ্ধার হয়নি। ঘটনার সময় থানায় কর্তব্যরত ৩৮ জন পুলিশ সদস্যের কমবেশি সবাই আহত হয়েছিলেন। এদের মধ্যে ৩৫ জন কাজে যোগ দিলেও তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় পুলিশের ব্যবহৃত তিনটি পিকআপ, একটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
“এ ছাড়া জব্দকৃত বেশকিছু যানবাহন, পুলিশ সদস্যদের ব্যবহার করা সরকারি এবং ব্যক্তিগত সব জিনিসপত্র অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এসব কারণে ১১ দিন থানার কার্যক্রম সম্পন্ন বন্ধ ছিল।”
ওসি বলেন, মহাসড়কের পাঁচলিয়া এলাকায় একটি ভবনের দুটি তলা ভাড়া নিয়ে ১৫ অগাস্ট থেকে থানার কার্যক্রম চালুর চেষ্টা চলছে। অন্য থানা থেকে একটি পুরাতন পুলিশ পিকআপ বরাদ্দ পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে কাউন্সেলিং করা হচ্ছে। অস্ত্রাগারে রক্ষিত থাকা কিছু অস্ত্র দিয়েই চলছে থানার কার্যক্রম।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত ৯৬ কিলোমিটার মহাসড়কের নিরাপত্তা প্রসঙ্গে ওসি ওয়াদুদ বলেন, “মাত্র একটি পুরাতন পিকআপ দিয়ে মহাসড়কে রাতে ও দিনে টহল চালু রাখা হয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেখানে যাচ্ছি। কিন্তু মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে যানবাহন তল্লাশি কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।”
এই মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের রাজশাহী, বগুড়া ও পাবনা এবং দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরসহ ২২টি জেলার যানবাহন চলাচল করে থাকে। হাইওয়ে পুলিশের অপ্রতুলতার কারণে মহাসড়কে অবাধে তিন চাকার যানবাহনসহ অবৈধ যানবাহনগুলো চলাচল করছে।
এ কারণে মহাসড়কে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, তেমনি নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
বগুড়া থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসের চালক জহুরুল ইসলাম বলেন, “আগে মহাসড়কে পুলিশি নিরাপত্তা থাকার পরও ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতো। বর্তমানে মহাসড়কে কোনো নিরাপত্তা নেই, এ অবস্থায় আমরা এবং যাত্রীরা উভয়ই নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ-তাড়াশ আঞ্চলিক সড়কে চলাচলকারী বাসচালক ইসমাইল হোসেন জানান, বর্তমানে মহাসড়কে পুলিশের অভিযান ও টহল না থাকায় তিন চাকার যানবাহনসহ অন্যান্য অবৈধ যানবাহনগুলো অবাধে মহাসড়কে চলাচল করছে। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি যাত্রীর অভাবে আমাদের আয়-রোজগার কমে যাচ্ছে।
