ঝিনাইদহে আলাদা সড়কে প্রাণ গেল ২ জনের
এক নারী ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে শৈলকূপা উপজেলার বড়দাহ ও সদর উপজেলার আঠারোমাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকাল ৫টার দিকে শৈলকূপা উপজেলার মহম্মদপুর গ্রামের আকাশ মিয়া ও তার স্ত্রী যুথী খাতুন মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে যুথী খাতুন রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে ট্রাকটি আটক করেছে।
অপরদিকে, সদর উপজেলার লেবুতলা গ্রামে আতিয়ার রহমান বাইসাইকেলে হলিধানী বাজারে কাঁঠাল বিক্রি করতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারোমাইল বাজার এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কায় দেয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আতিয়ার। পরে হাটুরে মানুষ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
