২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতির মৃত্যু

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্বজনরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 06:00 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

কুমিল্লার বুড়িচং উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কালাকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান।

নিহতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ রাচিয়া গ্রামের মৌলভিবাড়ির আরব রহমানের স্ত্রী রাজিয়া বেগম (৫০) এবং তার ছেলে মহিউদ্দিনের সন্তান ইসমাইল হোসেন (৮)।

ওসি ইকবাল বাহার বলেন, মহাসড়কে ঢাকামুখী লেন পারাপারের সময় ‘এশিয়া এয়ারকনের’ যাত্রীবাহী একটি বাস রাজিয়া ও ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদি ও নাতির মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

স্বজনরা জানান, দাদি ও নাতি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

ওসি ইকবাল বাহার বলেন, ঘটনার পরপর বাস নিয়ে পালিয়ে গেছেন চালক। তবে বাসটি শনাক্ত করা গেছে। সেটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।