বরিশাল বোর্ডে পাসের হার বেড়েছে, ফলাফলে এবারও এগিয়ে মেয়েরা
বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা।
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে; তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
তবে আগের বছরের মতো এবারও পাসের হার ও সামগ্রিক ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।
সোমবার সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, “বরিশাল শিক্ষা বোর্ডে এ বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ; সে হিসাবে এবার পাসের হার প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।”
বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৭ হাজার ৫৪৫ জন ছাত্র এবং ৪২ হাজার ৯১৩ জন ছাত্রী।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন। তাদের মধ্যে ১৯ হাজার ৯৫৫ জন ছাত্র এবং ২৮ হাজার ৬০০ জন ছাত্রী। অর্থাৎ এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ৩ হাজার ১১৪ জন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫৮৫ জন ছাত্রী এবং ১ হাজার ১৯৩ জন ছাত্র।
বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা।
