Published : 09 Sep 2026, 10:36 PM
শেরপুরের নকলা উপজেলায় পাঁচ শিকারির কাছ থেকে পাখি ধরার সরঞ্জাম ও দশটি বক উদ্ধার করা হয়েছে। পরে বকগুলো অবমুক্ত করা হয়।
পাখি শিকার বন্ধে বুধবার ভোর থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী উপজেলার নকলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।
শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে ওই ইউনিয়নের ডাকাতিয়াকান্দা গ্রামের পাখি শিকারিরা ভবিষ্যতে পাখি শিকার না করা এবং করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরে তাদেরকে নকলা উপজেলা যুবদলের সদস্যসচিব মুরাদুজ্জামান মাছুমের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন-এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনিসহ স্বেচ্ছাসেবী এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এ ছাড়া অভিযানের বিষয়টি নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম অবগত আছেন।