২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ৩ মাসে ৩৭ ধর্ষণ, ১৩ খুন

এ ছাড়া তিন মাসে অপরাধ সংগঠিত হয়েছে ৮৯৯টি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

তিন মাসে রংপুরে ১৩টি খুন এবং ৩৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ছাড়া এই সময়ে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ক্রিস্টোফার হিমেল রিছিল।

তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ছয়জন খুন হয়েছেন। এ ছাড়া ৩৫টি চুরি, চারটি অপহরণ ও নয়জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।

অক্টোবর মাসে জেলায় পাঁচজন খুন হয়েছে। ৩২টি স্থানে চুরি এবং তিনটি স্থানে সিধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে তিনটি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন।

২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাইরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এ ছাড়া, অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।

নভেম্বর মাসে দুটি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা দুটি। এ মাসে অপহরণের ঘটনা ঘটছে তিনটি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাইরে। এ ছাড়া নভেম্বর মাসে সাতজন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।