১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্য রেখায় অবস্থান

এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিন শিশু রয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 10:02 AM

Updated : 11 Sep 2026, 03:29 PM

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি।

ফলে এসব ব্যক্তি সীমান্তের শূন্য রেখা ও নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে বলে বুধবার সকালে নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদালতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা নয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। 

খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ওই ৯ জনসহ অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে গত ৫ জুন ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়।

আগের সংবাদ

নওগাঁয় ১৯ ঘণ্টা পর শূন্য রেখায় থাকা ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁ সীমান্তে ১৭ জনকে 'পুশ ইনের' চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি