১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পাচারের উদ্দেশ্যে’ টেকনাফের গহীন পাহাড়ে বন্দি থাকা ৮জনকে উদ্ধার

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 01:37 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

‘মালয়েশিয়ায় পাচারের’ উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বন্দি থাকা এক শিশু ও সাত নারীকে উদ্ধার করেছে‌ কোস্ট গার্ড ও নৌবাহিনী। 

মঙ্লবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।  

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কিছু মানুষকে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে আটক করে রাখা হয়েছে। 

পরে বিকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল বাহারছড়া জুম্মা পাড়া পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকের জন্য কোস্ট গার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।