২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 11:57 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের চৌগাছায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। 

শনিবার রাত ৮টার দিকে উপজেলার হুদাপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।

নিহত আলী হোসেন খোকন (২৮) পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার প্রয়াত আব্দুল মজিদের ছেলে। 

ওসি ইকবাল বাহার বলেন, “তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” 

নিহত খোকনের ভাগনে শাকিল হোসেন বলেন, “প্রায় এক বছর আগে খোকন মামার মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। তবে বর্তমানে তিনি সুস্থ ছিলেন। কিন্তু গ্রামের কয়েকজন লোক প্রায়ই তাকে পাগল বলে ক্ষেপাত। শনিবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং রাতে তারা মামাকে ছুরি মেরে হত্যা করে।”

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জুলকার হোসেন বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বুকের বাম পাশে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন আছে।”