১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন

“অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2024, 05:01 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

“বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।”

শুক্রবার বেলা ১২টায় শহরের গেটপাড়া এরাকায় গোপালগঞ্জ বিএনপি কার্যালয় উদ্বোধন করে এ কথা বলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মো ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে দোয়া ও মোনাজাত পাঠ করা হয়।

বিএনপি নেতা সিরাজুল বলেন, “এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে।”

তিনি সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সভা শেষে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।